নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডল। তাঁর সন্ধান না মেলায় উদ্বেগে পরিবার ও পরিজনরা। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে ‘নিখোঁজ’ সমরের পরিবারের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের জেরে রাজ্যের বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাঁদের মধ্যে শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডলের নামও রয়েছে। নিখোঁজ পর্যটকদের পরিবারের সঙ্গে এদিন ভার্চুয়ালি যোগাযোগ করে তাঁদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
এদিকে, শুক্রবার রাতে শিলিগুড়ির শান্তিনগর বউবাজারে সমর মণ্ডলের বাড়িতে পৌঁছান শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। তাঁর সঙ্গে ছিলেন এসিপি রবিন থাপা, ভক্তিনগর থানার আইসি মহেশ্বর মাঝি এবং আশিঘর ফাঁড়ির ওসি হিরুকান্তি সরকার। পুলিশ আধিকারিকরা সমরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পরিস্থিতির খোঁজ নেন। সমরের নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে তাঁর পরিবার ও পরিজনরা। কবে তাঁর সন্ধান মিলবে সেই অপেক্ষায় রয়েছেন সকলে।
