রথযাত্রা ঘিরে শৃঙ্খলা ও ভক্তির বার্তা শক্তিগড় মঠের

আসন্ন ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করল শ্রী কেশব গোস্বামী গৌড়ীয় মঠ, শক্তিগড়। সাংবাদিক বৈঠকে মঠের পক্ষ থেকে জানানো হয়, এবারের রথযাত্রায় সকল ভক্ত ও সাধারণ মানুষকে আন্তরিক আমন্ত্রণ জানানোর পাশাপাশি মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, রথযাত্রা উপলক্ষে রথের চারপাশের ১০০ মিটারের মধ্যে কোনও ধরনের আমিষ খাদ্যের দোকান বসতে দেওয়া হবে না। পাশাপাশি মেলায় কোনও ধরনের সিন্ডিকেট চলবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।

এবছর মেলায় যাঁরা দোকান বসাবেন, তাঁদের কাছ থেকে কোনও রকম অর্থ নেওয়া হবে না। এছাড়াও, পরিবর্তনের পর রাজ্যে অনুষ্ঠিত প্রথম রথযাত্রাকে সামনে রেখে ঐতিহ্যবাহী রথ কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় মঠ কর্তৃপক্ষ।

যদিও শ্রী কেশব গোস্বামী গৌড়ীয় মঠের রথ কমিটির হাতে এখনও সেই অনুদানের অর্থ পৌঁছায়নি, তবে প্রশাসনিক প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই অর্থ পাওয়ার আশ্বাস মিলেছে বলেও জানানো হয়। ঐতিহ্য, ভক্তি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার সমন্বয়ে এবারের শিলিগুড়ির রথযাত্রা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।