দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে সরকারি পরিষেবার পৌঁছনো আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্র।
নদিয়া জেলার সীমান্তবর্তী অঞ্চলে শুরু হল সরকারি প্রকল্প ‘জন ভাগিদারি সবসে দূর, সবসে পেহলে’ কর্মসূচি। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকা আদিবাসী পরিবারগুলির কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুলে চাঁদপুর জুনিয়র হাই স্কুলে এই কর্মসূচির সূচনা করা হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নদিয়ার মোট পাঁচটি ব্লকে এই প্রকল্প চালু হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আদিবাসী কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে এই কর্মসূচিকে সংযুক্ত করা হয়েছে, যাতে সুবিধাভোগীদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।
