দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এনে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর দাবি, প্রকল্পের সুবিধা পাওয়ার নামে বহু ভুয়ো অ্যাকাউন্টে সরকারি অর্থ পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি সন্দেহজনক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন তিনি। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে রাজ্য পুলিশের ডিজিপিকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রকৃত মহিলা উপভোক্তার পরিবর্তে অনেক ক্ষেত্রে অন্য ব্যক্তিরা এই প্রকল্পের টাকা তুলেছেন।
ভুয়ো অ্যাকাউন্ট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এখনও পর্যন্ত ২২টি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যেখানে মহিলা নয়, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন।” উল্লেখ্য, হিসেব অনুযায়ী, প্রায় ৩০ লক্ষ অ্যাকাউন্টে ভুলভাবে সরকারি অর্থ পৌঁছেছে। প্রতিটি অ্যাকাউন্টে মাসে ১,৫০০ টাকা করে জমা হলে বিপুল অঙ্কের সরকারি অর্থ অপচয়ের সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
