২৬ হাজার নিয়োগ মামলায় ‘যোগ্য’ প্রায় ১৭ হাজার শিক্ষকের চাকরির মেয়াদ আগামী ৩১ মে ২০২৭ পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সচিন সচদেবের বেঞ্চ এই নির্দেশ দেয়।
শীর্ষ আদালত জানিয়েছে, ওই সময়সীমার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আদালত স্পষ্ট করেছে, ৩১ মে ২০২৭-এর পর আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না।
২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর সুপ্রিম কোর্ট গত বছর গোটা প্যানেল বাতিল করে দেয়। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। তবে পড়ুয়াদের স্বার্থে ‘যোগ্য’ শিক্ষকদের সাময়িকভাবে চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৩১ অগাস্ট করা হয়। নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় রাজ্য ও এসএসসি ফের সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এদিন সেই আবেদন মঞ্জুর করে আদালত।
