শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় একটি মালবাহী গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সামিন আলী ও রিঙ্ক শেখ। দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে এই বিপুল পরিমাণ গাঁজা অন্য রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের।
গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় ওই মালবাহী গাড়িতে অতর্কিত অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাড়ি তল্লাশি করে চা পাতার প্যাকেটের আড়াল থেকে লুকিয়ে রাখা ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাজোপ্ত করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।
ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। আজ ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
