মিড-সাইজ মোটরসাইকেল সেগমেন্টে (২৫০cc–৭৫০cc) নতুন সংযোজন করল রয়্যাল এনফিল্ড । সংস্থার তরফে বাজারে আনা হল ২০২৬ সালের ‘ক্লাসিক ৩৫০ সিগনেচার হোয়াইট’ এডিশন। নতুন এই মডেলে রাইডিং আরও আরামদায়ক ও স্বচ্ছন্দ করতে একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে।
‘ক্লাসিক ৩৫০ সিগনেচার হোয়াইট’ -এ থাকছে রাইডার ও পিলিয়নের জন্য প্রিমিয়াম ব্রাউন ট্যুরিং সিট। পাশাপাশি বাইকের ডিজাইনেও আনা হয়েছে পরিবর্তন। সাইড প্যানেলে নতুন ক্লাসিক লোগো, ফুয়েল ট্যাঙ্কে স্টেনসিল-স্টাইল ডেকাল এবং দু’পাশে RE ব্যাজ দেওয়া হয়েছে।
রাইডিংয়ের সুবিধার জন্য বাইকে রয়েছে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ এবং অ্যাডজাস্টেবল ক্লাচ ও ব্রেক লিভার। এর ফলে ক্লাচ পরিচালনা আরও হালকা ও সহজ হবে। বিশেষ করে শহরে প্রতিদিনের যাতায়াত এবং দীর্ঘ দূরত্বের রাইডে এই ফিচারগুলি সুবিধা দেবে।
এছাড়াও স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে ইউএসবি টাইপ-সি ফাস্ট চার্জিং পোর্ট এবং ট্রিপার পড । এর মাধ্যমে চলার পথে স্মার্টফোন ও অন্যান্য সামঞ্জস্যপূর্ণ ডিভাইস চার্জ করা যাবে। ট্রিপার পড-এর সাহায্যে পাওয়া যাবে Turn-by-Turn Navigation সুবিধাও।
ক্লাসিক ৩৫০-এর টপ-এন্ড ভ্যারিয়েন্টগুলির অন্যতম হিসেবে পাওয়া যাবে ‘সিগনেচার হোয়াইট’ এডিশন। এর সঙ্গে রয়েছে এমআরএল্ড গ্রীন এডিশন। আজ থেকেই সমস্ত অনুমোদিত রয়্যাল এনফিল্ড স্টোরে মিলবে নতুন মডেলটি। দাম শুরু ২,২৪,২৭৫ টাকা থেকে (এক্স-শোরুম, চেন্নাই)।
উল্লেখ্য, ২০০৮ সালে বাজারে আসার পর থেকেই রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ ক্লাসিক মোটরসাইকেল ডিজাইনের সঙ্গে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ের জন্য পরিচিত। এর স্বতন্ত্র নকশা, আকৃতি ও বৈশিষ্ট্য রয়্যাল এনফিল্ড -এর পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে রাইডারদের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছে।
