পার্ক সার্কাসে উদ্বোধন ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬’

পথ দুর্ঘটনা কমানো এবং ট্র্যাফিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হল ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। কলকাতা ট্র্যাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। সাদা ও গেরুয়া রঙের বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এই সচেতনতামূলক অভিযানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে ট্র্যাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব এবং পথচারীদের নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার ওপর জোর দেওয়া হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সারা বছরই রোড সেফটি সংক্রান্ত কর্মসূচি চলে, তবে এই বিশেষ সপ্তাহে আরও বেশি করে মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়, ট্র্যাফিক আইন ভাঙার জন্য যে জরিমানা করা হয়, তার মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা। সকলকে ট্র্যাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে, সচেতনতা বাড়লে আগামী দিনে দুর্ঘটনার সংখ্যা আরও কমবে।

অনুষ্ঠানে কলকাতা পুলিশের পক্ষ থেকে ৩২টি বায়ো টয়লেটের উদ্বোধন করা হয়। পাশাপাশি পার্ক সার্কাস সেভেন পয়েন্টের সামনে কলকাতা ট্র্যাফিক পুলিশের একটি নতুন আউটপোস্টেরও উদ্বোধন করেন পুলিশ কমিশনার।