রাতভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে ভিজল কলকাতা। শনিবার সকালেও আকাশ মেঘলা, সঙ্গে চলছে হালকা বৃষ্টি।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই অবস্থার জন্য দায়ী একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর থেকেই ঝোড়ো হাওয়া শুরু হয়, যার গতি ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়ে এবং অনেক জায়গায় মাঝরাতের পর ভারী বৃষ্টি হয়। বজ্রপাতও দেখা যায়।
শনিবারও একই রকম আবহাওয়া থাকবে। হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় হাওয়ার গতি ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এই ঝড়-বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গেছে। শুক্রবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা নেমে হয়েছে ১৯.২ ডিগ্রি।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। এরপর আবার তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির, কালিম্পং, দার্জিলিং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, সমুদ্র উত্তাল থাকায় আগামী দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ অনেক বেশি, যেমন কালিম্পংয়ে প্রায় ৯৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি চলতে পারে।
