প্রাচীর ও ঘর নির্মাণ ঘিরে বচসা, মানিকচকে দুই পক্ষের অভিযোগ

মালদার মানিকচকের নুরপুরে জমির সীমানা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুই পরিবারের মধ্যে। ঘটনায় একে অপরের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাবির খান ও মান্নান খান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি জমির সামনের অংশের মালিকানা নিয়ে গত কয়েক মাস ধরেই দুই পক্ষের মধ্যে বিবাদ চলছে। অভিযোগ, প্রায় ২০০ ফুট সামনের অংশের মধ্যে ১৩০ ফুট মান্নান খান ও তাঁর সহযোগীদের এবং ৪৩ ফুট জাবির খানের পরিবারের বলে দাবি করা হচ্ছে।

এরই মধ্যে নিজেদের জমিতে প্রাচীর ও ঘর নির্মাণের কাজ শুরু করেন মান্নান খানরা। সেই কাজে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। জাবির খানের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে।

অন্যদিকে, মান্নান খানদের দাবি, তাঁরা নিজেদের ১৩০ ফুট জমির মধ্যেই নির্মাণকাজ করছিলেন। জাবির খানের পরিবারের লোকজন তাতে বাধা দেন এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন। তাঁদের আরও অভিযোগ, নির্মিত প্রাচীর ও ঘর ভাঙচুর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগও মিথ্যা বলে দাবি করেন মান্নান খানরা।

দুই পক্ষই পুলিশের দ্বারস্থ হয়েছে। মান্নান খান জানান, তাঁরা আইনের আশ্রয় নিয়েছেন। পুলিশ প্রশাসন যে নির্দেশ দেবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবেন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।