অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শনিবার ভবানীপুরের যদুবাবুর বাজার মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটি। বিক্ষোভ থেকে অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়।
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, রাম মন্দির দীর্ঘদিন ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক ইস্যু। সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় মন্দির নির্মাণ ও প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে কোটি কোটি মানুষের আবেগের প্রতিফলন ঘটেছে। তাঁর দাবি, সেই মন্দিরে ভক্তদের দান করা অর্থ ও মূল্যবান সামগ্রীর ব্যবস্থাপনা নিয়ে এখন গুরুতর প্রশ্ন উঠেছে।
কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাম মন্দিরের প্রণামী ও মূল্যবান সামগ্রী সংক্রান্ত প্রায় ১,৪০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিক্ষোভ থেকে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, তদন্তে যদি কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে প্রমাণ মেলে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তেরও দাবি জানানো হয়। এদিনের বিক্ষোভে জেলা কংগ্রেসের নেতা- কর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেন।
