মালদা সীমান্তে মাদক পাচার রুখল পুলিশ

মালদা ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য। ফরাক্কা থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো প্রায় ৫১৫ গ্রাম হিরোইন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম আব্দুল মাজিদ (৪৫)। তিনি মালদা জেলার কালিয়াচক থানার মজ্জেমপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকাল রাতেও সীমান্ত এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় মালদার দিক থেকে একটি সাইকেল নিয়ে ফরাক্কার দিকে আসছিলেন ওই ব্যক্তি। তাঁর কাছে থাকা একটি ব্যাগ সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ৫১৫ গ্রাম হিরোইন। এরপরই অভিযুক্তকে আটক করে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদক কোথায় এবং কার কাছে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।