বিপক্ষ অল-আউট ২৮ রানে, ৭৯৪ রানে জয়! ক্রিকেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করল ‘স্কর্পিয়ন্স’

টি-টোয়েন্টি ক্রিকেটের দাপুটে যুগে যেখানে ২০ ওভারে ২৫০ রান তোলা এখন নিয়মিত ঘটনা, সেখানে ৫০ ওভারের ম্যাচে একটি দল তুলে ফেলল পাহাড়সম ৮২২ রান! জিম্বাবুয়ের ঘরোয়া ‘ফার্স্ট লিগ’ ক্রিকেটে সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। স্কর্পিয়ন্স ক্রিকেট ক্লাব এবং মেথেন লায়ন্সের মধ্যকার ম্যাচে এই অভাবনীয় স্কোরবোর্ড দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

প্রথমে ব্যাট করতে নেমে স্কর্পিয়ন্স ক্রিকেট ক্লাবের ব্যাটাররা বিপক্ষ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। নির্ধারিত ৫০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮২২ রান, যা লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। ইনিংসের সবচেয়ে বড় চমক ছিল ব্যক্তিগত স্কোরগুলো। ওপেনার তাকুন্দা মাডেম্বো মাত্র ১৪৩ বলে খেলেন ৩০২* রানের এক মহাকাব্যিক ইনিংস। ৫০টি বাউন্ডারি ও ৭টি ছক্কায় সাজানো তার এই ইনিংসটি শেষ পর্যন্ত ‘রিটায়ার্ড আউট’ হিসেবে শেষ হয়। অন্যদিকে, উইনফেড মাতেনডে মাত্র ৭৫ বলে ১৩টি ছক্কা ও ২৩টি চারের সাহায্যে ২০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া গ্যাব্রিয়েল জায়াও তুলে নেন ঝকঝকে এক সেঞ্চুরি। প্রতি ওভারে গড়ে ১৬ রানের বেশি তুলে ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম খোদাই করে নিল দলটি।

রান পাহাড় তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মেথেন লায়ন্সের ব্যাটিং লাইনআপ। মাত্র ২৮ রানে ৭ উইকেট হারানোর পর তারা ইনিংস ঘোষণা (Declare) করতে বাধ্য হয়। ফলে ৭৯৪ রানের বিশাল ব্যবধানে জয়ী হয় স্কর্পিয়ন্স। এর আগে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল বিহারের (৫৭৪ রান), যা তারা অরুণাচল প্রদেশের বিরুদ্ধে করেছিল। কিন্তু জিম্বাবুয়ের এই ম্যাচটি আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়ে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল আধুনিক ক্রিকেটকে।