বুধবার ভোর রাতে শিলিগুড়ি সংলগ্ন পতিরাম জোতের অনিল নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দীর্ঘদিনের পুরনো একটি ফার্নিচার তৈরির কারখানা। মালিকপক্ষের দাবি, এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ফার্নিচার পুড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে এলাকার মানুষ প্রথমে দেখতে পান আগুনের লেলিহান শিখা গোটা কারখানাটিকে গ্রাস করেছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। তবে এলাকায় সঠিক রাস্তা না থাকার কারণে দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে।
দমকল পৌঁছানোর আগেই আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে স্থানীয় বাসিন্দারা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে দমকলের একটি ছোট ইঞ্জিন ঘুরপথে এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে Siliguri Metropolitan Police-এর অধীন Matigara Police Station।
