বঙ্গে দেখা নেই বর্ষার

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে জুনের শুরুতেই স্বাভাবিকের চেয়ে আগেভাগে দেশে প্রবেশ করেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

কিন্তু প্রবেশের পরই যেন আচমকা থমকে গিয়েছে বর্ষার অগ্রগতি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা বিদায় নেয়নি, বরং দেশ বর্তমানে এক বিরল ‘মনসুন পজ়’ বা মৌসুমি বায়ুর সাময়িক বিরতির মুখে পড়েছে। যদিও এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে মৌসম ভবন।

আবহাওয়াবিদদের বিশ্লেষণে দেখা গিয়েছে, দক্ষিণ, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টির ঘাটতি প্রকট হয়েছে। বর্ষার ঘন মেঘের উপস্থিতি মূলত সীমাবদ্ধ রয়েছে হিমালয় সংলগ্ন এলাকা এবং উত্তর-পূর্ব ভারতে। এর ফলে দেশের একাধিক রাজ্যে ভ্যাপসা গরম এবং আর্দ্রতা বাড়লেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছে না।