হায়দ্রাবাদে কর্মরত অবস্থায় মালদার এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ওই শ্রমিকের নাম জগন্নাথ চৌধুরী (৪০)। তাঁর বাড়ি মালদার ইংরেজবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর নিমতলা এলাকায়। পরিবারের অভিযোগ, তিনি অসুস্থ হয়ে নয়, বরং অন্য কোনো কারণে মারা গেছেন। এ ঘটনায় তারা ঠিকাদারের দিকে সন্দেহের তীর ছুঁড়েছেন।
জানা গেছে, প্রায় চার মাস আগে স্থানীয় ঠিকাদার তপেশ মণ্ডলের মাধ্যমে জগন্নাথ হায়দরাবাদে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। গত শুক্রবার পরিবারকে ফোন করে জানানো হয় যে জগন্নাথ গুরুতর অসুস্থ এবং তাঁকে হায়দরাবাদের শ্রেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার আবার ফোন করে তাঁর সুস্থতার খবর দেওয়া হয়।
স্থানীয় সূত্র মতে, শনিবার রাত সাড়ে দশটায় তাঁকে ট্রেনে করে বাড়ি নিয়ে আসার কথা জানানো হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই পরিবারের কাছে আরেকটি ফোন আসে, যেখানে বলা হয় যে বাড়ি আসার পথে স্টেশনেই জগন্নাথ মারা গেছেন।
মঙ্গলবার সকালে একটি অ্যাম্বুলেন্সে করে জগন্নাথের মরদেহ তাঁর বাড়িতে এসে পৌঁছায়। এরপরই পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স চালককে আটক করে রাখেন। পরিবারের অভিযোগ, ঠিকাদার ও অ্যাম্বুলেন্স চালকের কথায় নানা অসঙ্গতি রয়েছে। ঠিকাদার এসে পরিষ্কারভাবে ঘটনার ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্স ছাড়বেন না বলে তারা জানিয়েছেন। তাঁদের দাবি, ঠিকাদার বা অন্য কেউ জগন্নাথের মৃত্যুর জন্য দায়ী।
