গণপতি দর্শনে মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের বাড়িতে গেলেন সালমান খান

মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের বাসভবনে গণপতি দর্শনে গেলেন বলিউড তারকা সালমান খান। সোমবার তাঁকে মন্ত্রীর বাড়িতে গণেশ চতুর্থীর উৎসবে যোগ দিতে দেখা যায়।

গণেশের সামনে খালি পায়ে প্রার্থনা করেন সালমান। এরপর তিনি প্রসাদ ও টিকা গ্রহণ করেন এবং মন্ত্রীর দেওয়া একটি ছবির ফ্রেম নিয়ে ছবি তোলেন। উৎসবে যোগ দেওয়ার জন্য সালমান একটি চেকার্ড শার্ট ও নীল প্যান্ট পরেছিলেন। তাকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা, দেহরক্ষী ও কনভয়।

গত সপ্তাহেই সালমান এবং তার পরিবার ঢাকঢোল বাজিয়ে সাড়ম্বরে গণপতি বাপ্পাকে বিদায় জানিয়েছেন।

কর্মক্ষেত্রে, সালমানকে শেষবার এআর মুরুগাদোসের ‘সিকান্দার’ ছবিতে রাশমিকা মান্দান্নার সঙ্গে দেখা গিয়েছিল। এরপর তাকে ‘ব্যাটল অফ গালওয়ান’-এ একজন ভারতীয় সেনা সৈনিকের ভূমিকায় দেখা যাবে। বর্তমানে তিনি জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনা করছেন।