দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে সপ্তম পে কমিশন।
মন্ত্রীসভার দ্বিতীয় বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের জন্য গঠন করা হয়েছে নয়া পে কমিশন। তবে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় হতাশ হয়েছিলেন সরকারি কর্মীরা। তবে আর বেশি অপেক্ষা নয়। ডিএ সংক্রান্ত যাবতীয় সমস্যা কাটাতে আগামী ৩০মে শনিবার নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এই হাইভোল্টেজ বৈঠকে মূলত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে পূর্ববর্তী সরকারের আমলের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজেই এই বৈঠকের খবর সামনে এনেছেন।
