সব জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করাই লক্ষ্য: রাজ্যপাল রবির সঙ্গে বৈঠকের পর দ্রুত এগোচ্ছে বিজেপি

রাজ্যে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর তৎপরতা শুরু হলো রাজনৈতিক মহলে। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ লোকভবনে পৌঁছে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের এই রুদ্ধদ্বার বৈঠককে কেন্দ্র করে নতুন মন্ত্রীদের শপথগ্রহণের জল্পনা তীব্র হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, আগামী ২২ জুন রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের পর মাত্র পাঁচজন মন্ত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল এই নতুন সরকার। তবে আসন্ন বাজেট অধিবেশনে বিভিন্ন দফতরের কাজের চাপ সামলাতে এবং প্রশাসনিক গতি বাড়াতে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন অত্যন্ত জরুরি বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সম্ভাব্য মন্ত্রীদের নামের তালিকা নিয়ে চূড়ান্ত আলোচনাও সেরে এসেছেন।

বিজেপি সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে ভৌগোলিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলির পাশাপাশি প্রতিটি জেলা থেকে যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাইছে রাজ্য নেতৃত্ব। তবে অভিজ্ঞ বিধায়কের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ করা হচ্ছে।

বৈঠকের বিষয়ে সরকারিভাবে কোনো খোলসা না করা হলেও, মনে করা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এখন শুধু রাজভবন বা লোকভবন থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।