তদন্ত করার নির্দেশ এলো

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। বারংবার শিরোনামে উঠে এসেছে একাধিক নাম, আর জি কর কাণ্ডের পর থেকেই বারবার সামনে এসেছে অভীক দে-র নাম। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত এই চিকিৎসকের বিরুদ্ধে থ্রেট কালচার, জুনিয়রদের ভয় দেখানো, বদলিতে হস্তক্ষেপ-সহ একাধিক অভিযোগ উঠেছিল।

এমনকি অভয়া কাণ্ডের সময় রুমেও তাঁকে দেখা গিয়েছিল বলে অভিযোগ। আগেই তাঁকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। এবার তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। পাশাপাশি কীভাবে তিনি সার্ভিস কোটায় SSKM-এ PG পড়ার সুযোগ পেয়েছিলেন, সেটিও খতিয়ে দেখা হবে।

স্বাস্থ্য ভবনের ৪ সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে অভীক দে-র বিরুদ্ধে মোট ৩২টি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কাজ না করেই বিশেষ সার্ভিস কোটার সুবিধা নিয়ে তিনি SSKM হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার পর বিভাগীয় তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।