‘কিং’-এর শুটিংয়ে মুগ্ধ খরাজ

প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়।

সম্প্রতি মুম্বইয়ে শুটিং শেষ করে ফিরে তিনি ভাগ করে নিলেন ‘কিং’-এর সেটে কাজের অভিজ্ঞতা। খরাজের কথায়, ‘‘অসাধারণ অভিজ্ঞতা। যদিও ছোট একটি চরিত্র করেছি, কিন্তু শাহরুখ খানের সঙ্গে কাজ করার সুযোগটাই বড় প্রাপ্তি। তিনি কাজ ছাড়া অন্য কিছু ভাবেন না। দুপুর দুটো থেকে রাত দুটো পর্যন্ত চলত তাঁর শুটিং।’’

সুহানার প্রথম বড়পর্দার ছবিতে বাবার ভূমিকায় শাহরুখকে কাছ থেকে দেখেছেন খরাজ। তাঁর দাবি, মেয়ের অভিনয়ে যাতে কোনও খামতি না থাকে, সেদিকে বিশেষ নজর রাখছেন অভিনেতা।

খরাজ জানান, তাঁর বেশিরভাগ দৃশ্য ছিল সুহানার সঙ্গে। পাশাপাশি শাহরুখের সঙ্গেও স্ক্রিন ভাগ করেছেন তিনি। সেই অভিজ্ঞতাকে নিজের কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত বলেই মনে করছেন খরাজ। তাঁর কথায়, ‘‘শাহরুখজি আমার অভিনয়ের প্রশংসা করেছেন। সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’’

গৌরী খান প্রযোজিত এবং সুজয় ঘোষের চিত্রনাট্যে নির্মিত ‘কিং’-এর মুক্তির অপেক্ষায় এখন অনুরাগীরা।