সপ্তাহান্তে গরম ভাতের পাশে থাকুক সুস্বাদু লাউয়ের ডালনা

লাউয়ের পুষ্টিগুণের কথা কারুরই অজানা নয়। জলসমৃদ্ধ এই সবজি শরীর ঠান্ডা রাখে। পেটের সমস্যায়ও লাউ খুব উপকারী। নানা ধরনের সুস্বাদু পদও তৈরি করা যায় এটি দিয়ে। তবে একই ধরনের রান্নার বাইরে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে বানিয়ে দেখতে পারেন ঘি ও দুধে তৈরি সুগন্ধি লাউয়ের এই বিশেষ পদ। রইল রেসিপির হদিশ।

কী কী লাগবে

কুচোনো লাউ ৫০০ গ্রাম
ঘি ২ টেবিল চামচ
গোলমরিচ দানা ১০টি
লবঙ্গ ৮টি
কালো এলাচ ২টি
কাঁচালঙ্কা ৬-৭টি
মেথি দানা আধ চা চামচ
গোটা জিরে ১ চা চামচ
এক চিমটে দারচিনি (ভাঙা)
স্বাদমতো নুন
চিনি ১ চা চামচ
দুধ আধ কাপ

কীভাবে বানাবেন

কড়াইয়ে ঘি গরম করে তাতে মেথি, জিরে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি ও কালো এলাচ ফোঁড়ন দিন। মশলার সুগন্ধ বেরোলে চেরা কাঁচালঙ্কা যোগ করুন। এরপর কুচোনো লাউ ও স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন, যাতে লাউ ঘিয়ে ভালোভাবে মাখামাখি হয়ে যায়। এরপর আঁচ কমিয়ে কড়াই ঢেকে দিন। লাউ নরম হয়ে এলে তাতে চিনি ও দুধ মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। অতিরিক্ত জল শুকিয়ে গিয়ে মাখামাখা ভাব এলে গ্যাস বন্ধ করে দিন। শেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। রুটি, পরোটা কিংবা সাদা ভাত-সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় এই সুগন্ধি লাউয়ের পদ।