চলতি বছরের শেষে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী? 

বিয়ে নিয়ে বরাবরই অনাগ্রহের কথা জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজ, বই, পরিবার ও পোষ্যদের নিয়েই ভালো আছেন বলে জানিয়েছেন একাধিকবার। তবে এ বার টলিপাড়ায় জোর গুঞ্জন, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

সূত্রের খবর, পাহাড়ের শহর কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর। নভেম্বরেই হতে পারে আংটিবদল। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই নিমন্ত্রণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও খবর। সবচেয়ে বেশি চর্চা হচ্ছে হবু পাত্রকে নিয়ে। জানা যাচ্ছে, টলিপাড়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। পেশায় তিনি নৌসেনার আধিকারিক।

তবে পুরো বিষয়টি নিয়ে এখনও মিমি চক্রবর্তীর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বিয়ের খবর আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ। অভিনেত্রী নিজেও এ বিষয়ে নীরব।