এনজেপি গেটবাজারে যৌথ অভিযানে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ সামগ্রী

মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড, ওষুধসহ বিভিন্ন সামগ্রী বিক্রির অভিযোগে বৃহস্পতিবার এনজেপি থানার গেটবাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালাল প্রশাসন। অভিযানে এনজেপি থানার পুলিশ ছাড়াও কৃষি দফতর, খাদ্য দফতর এবং এডি-র আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক ক্রেতা বেবি ফুড কিনতে গিয়ে সেটির মেয়াদ উত্তীর্ণ রয়েছে বলে লক্ষ্য করেন। এরপরই বিষয়টি প্রশাসনকে জানানো হলে সংশ্লিষ্ট দোকানে অভিযান চালানো হয়। দোকানে থাকা বেবি ফুড, ওষুধ এবং অন্যান্য সামগ্রী খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা যায়।

এরপর গেটবাজার সংলগ্ন এলাকার আরও কয়েকটি দোকানেও অভিযান চালানো হয়। সেখানে বিক্রি হওয়া বিভিন্ন সামগ্রীর মেয়াদ ও বৈধতা পরীক্ষা করেন আধিকারিকরা। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দোকানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী এবং দোকানের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরবর্তী রিপোর্টের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ করা হবে।

এ বিষয়ে এসিপি অভিতাগ্নী চক্রবর্তী জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দোকানটি বন্ধ থাকবে। পরবর্তী প্রশাসনিক নির্দেশের পরই দোকান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।