শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে গ্রামবাংলা থেকে ভিনরাজ্যে শ্রমিকদের কাজের খোঁজে চলে যাওয়ার প্রবণতা রুখতে নতুন পরিকল্পনার কথা জানাল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রশাসনের লক্ষ্য, স্থানীয় স্তরেই এমন কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা, যাতে জেলার বাইরে পাড়ি দেওয়ার প্রয়োজন কমে।

সেই উদ্দেশ্যেই ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পকে আরও জোরদার করার কথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে জয়হিন্দ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কথায়, শুধু কাজের সুযোগ বাড়ানোই নয়, প্রকল্পে মজুরির পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। তাঁর মতে, স্থানীয় স্তরে আয় বাড়লে বহু মানুষ আর অন্য রাজ্যে কাজের সন্ধানে যেতে বাধ্য হবেন না। একইসঙ্গে গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে। সরকার নতুন গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড চালুর কাজও ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান তিনি।