৭০০ কিমি দূরে ভোটের ডিউটি! পরিবহণ না পেয়ে কোচবিহারে জেলা শাসকের দপ্তরে বি*ক্ষোভ ভোটকর্মীদের

হঠাৎ নোটিশে ৭০০ কিলোমিটার দূরে ভোটের ডিউটিতে যাওয়ার নির্দেশ, অথচ নেই কোনও যাতায়াতের সুব্যবস্থা – এই অভিযোগ তুলে কোচবিহার জেলা শাসকের দপ্তরের দ্বারস্থ হলেন একাধিক ভোটকর্মী। অভিযোগ, গতকাল রাতে ও এদিন সকালে নির্বাচন কমিশনের তরফে ভোটকর্মীদের কাছে নোটিশ পাঠানো হয়।

সেই নোটিশে জানানো হয়, দ্বিতীয় দফার নির্বাচনের ডিউটিতে তাদের আগামীকাল সকাল ৭টার মধ্যে প্রায় ৭০০ কিলোমিটার দূরের কর্মস্থলে পৌঁছাতে হবে। ভোটকর্মীদের দাবি, এত কম সময়ে এত দূরের যাত্রার জন্য কোনও পরিবহণের ব্যবস্থা করা হয়নি। ফলে চরম সমস্যায় পড়েছেন তারা।

এক ভোটকর্মীর কথায়, সদ্য প্রথম দফার ভোটের ডিউটি করে ফিরেছি। তার মধ্যেই আবার নতুন করে নোটিশ দিয়ে এত দূরে পাঠানো হচ্ছে। কিন্তু কীভাবে যাব, সেই বিষয়ে কোনও নির্দেশ বা গাড়ির ব্যবস্থা নেই। সকাল ৭টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে – উড়ে যাব, না কি হেঁটে যাব? তারা আরও প্রশ্ন তোলেন, নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারলে তার দায়ভার কে নেবে।

এই পরিস্থিতিতে সমাধানের দাবিতে জেলা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে বিষয়টি জানিয়েছেন ভোটকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। এখন দেখার, সমস্যার দ্রুত সমাধানে কী পদক্ষেপ নেয় প্রশাসন।