জাতীয় সড়কে টোল আদায়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তে বুধবার সকালে কলকাতার শেক্সপিয়র সরণির একটি আবাসনে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই সঙ্গে দেশের সাতটি রাজ্যের মোট ১৪টি স্থানে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা।
ইডি সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ-তে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানসহ সাতটি রাজ্যে একযোগে তল্লাশি চলছে।
কলকাতার শেক্সপিয়র সরণির আবাসনটির তৃতীয় তলায় একটি অফিসে ইডির কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন বলে সূত্রের খবর। অভিযোগ, বিশেষ একটি সফটওয়্যার ব্যবহার করে জাতীয় সড়কে বেআইনিভাবে টোল আদায়ের মাধ্যমে আর্থিক অনিয়ম করা হয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক নজর রয়েছে টোল আদায়ের পদ্ধতি, ব্যবহৃত সফটওয়্যার এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সংগৃহীত অর্থের গতিপথের দিকে। এই ঘটনায় কারা জড়িত এবং অবৈধভাবে আদায় করা অর্থ কোথায় স্থানান্তরিত হয়েছে, তা খতিয়ে দেখতেই দেশের বিভিন্ন প্রান্তে একযোগে অভিযান চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর।
