চা বাগানের সেচের জলাশয়ে পড়ে বিপাকে পড়ল একটি মা হাতি ও তার শাবক। বুধবার সকালে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম চা বাগান এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, চা বাগানের সেচের জলাশয়ের মধ্যে আটকে রয়েছে দু’টি হাতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের কর্মী ও পুলিশকর্মীরা। এরপর শুরু হয় হাতি দু’টিকে নিরাপদে উদ্ধারের তৎপরতা। দীর্ঘক্ষণের চেষ্টায় হাতি দু’টিকে ওই জলাশয় থেকে উদ্ধার করা হয়।
এদিকে মা হাতি ও শাবককে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়। খবর পেয়ে জলাশয়ের আশপাশে ভিড় জমান স্থানীয়রা। বনদপ্তর সূত্রে খবর, হাতি দু’টির স্বাস্থ্য পরীক্ষার পরে তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কীভাবে তারা জঙ্গল পেরিয়ে এসে পড়ল, তা খতিয়ে দেখছে বনদপ্তর।
