শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থার প্রশাসনিক স্বচ্ছতা, নির্বাচন প্রক্রিয়া এবং খেলোয়াড়দের অধিকার নিয়ে একাধিক অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন সংস্থার একাংশের খেলোয়াড়, কোচ ও ক্রীড়াপ্রেমীরা। আজ শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁরা একাধিক দাবি ও প্রশ্ন তুলে ধরেন।সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, একসময় উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ টেবিল টেনিস কেন্দ্র হিসেবে পরিচিত ছিল শিলিগুড়ি। কিন্তু বর্তমানে সংস্থার প্রশাসনিক কার্যকলাপ, নির্বাচন প্রক্রিয়া এবং খেলোয়াড়দের স্বার্থরক্ষার বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই ব্যক্তি সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি, নির্বাচন প্রক্রিয়ায় ভোটার তালিকা, ভোটাধিকার এবং নির্বাচন কমিটি গঠনের বিষয়েও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, খেলোয়াড়দের নিবন্ধন, আর্থিক হিসাব, বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ এবং সরকারি অনুদানের ব্যবহার সম্পর্কেও পর্যাপ্ত স্বচ্ছতা নেই। বিশেষ করে উত্তরবঙ্গের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় স্তরে সুযোগ নিশ্চিত করার দাবিও তোলা হয়।
বক্তাদের দাবি, অভিজ্ঞ কোচ, প্রবীণ খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে খেলোয়াড়দের উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং আর্থিক সহায়তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা বলেন, তাঁদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করা নয়; বরং শিলিগুড়ির টেবিল টেনিসের উন্নয়নের স্বার্থে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা।
শিলিগুড়ি টেবিল টেনিসে প্রশাসনিক স্বচ্ছতার দাবি
