বেহাল আন্ডারপাস, রেলগেট খোলার দাবিতে সরব সিপিআইএম

শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ ফুলেশ্বরী রেলগেট বন্ধ থাকায় চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। জংশন থেকে এনজেপি পর্যন্ত ডবল লাইনের কাজের জন্য রেলগেটটি বন্ধ করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।রেলগেট বন্ধ হওয়ায় বিকল্প হিসেবে স্থানীয়দের ভরসা করতে হচ্ছে আন্ডারপাসের উপর।

কিন্তু অভিযোগ, সেই আন্ডারপাসের রাস্তার পরিস্থিতি বেহাল। কোথাও জমে রয়েছে নোংরা জল, কোথাও আবার ভাঙাচোরা রাস্তা—ফলে প্রতিদিন যাতায়াতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।এই পরিস্থিতিতে ফুলেশ্বরী রেলগেট দ্রুত খুলে দেওয়ার দাবিতে সরব হয়েছে সিপিআইএম।

অশোক ভট্টাচার্যের দাবি, সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে দ্রুত রেলগেট খুলতে হবে। তাঁর বক্তব্য, শিলিগুড়ির আরও কয়েকটি রেলগেট বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন, তবে মানুষের স্বার্থে কোনও রেলগেট বন্ধ করতে দেওয়া হবে না।