মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে ভোটের আগে ভোটার তালিকা নিয়ে জটিলতা আরও বাড়ল। একদিকে নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে তালিকা ‘ফ্রিজ়’ করে দিয়েছে, অন্যদিকে লক্ষ লক্ষ নাম বাদ পড়ায় শুরু হয়েছে আইনি লড়াই।
যাঁদের আধার বা পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম নেই, তাঁদের একাংশ আদালতের দ্বারস্থ হন। এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হলেও, তালিকা ফ্রিজ়ের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। ভোটার তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলা হয়েছে।
নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ৯ এপ্রিলই তালিকা ফ্রিজ় করা হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তালিকা বন্ধও করে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যার সূত্রপাত অন্য জায়গায়। SIR প্রক্রিয়ায় ৯০ লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে অভিযোগ। এই নিয়ে বহু মানুষ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। ফলে যাঁদের আপত্তি রয়েছে, তাঁদের বিষয়টি ট্রাইব্যুনালের কাছেই তুলে ধরতে হবে এবং নির্বাচন কমিশনকেও সেই প্রক্রিয়ার মধ্যেই বিষয়টি দেখতে হবে।
