ভোটের আগে নজিরবিহীন নিরাপত্তা! সাঁজোয়া গাড়ির রুট মার্চে বাড়ল আস্থা

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোনো রকম নিরাপত্তা ঘাটতি রাখতে নারাজ নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার বেলাকোবা ও সংলগ্ন এলাকায় নজরকাড়া রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী।

বিশেষ আকর্ষণ ছিল জম্মু ও কাশ্মীর থেকে আনা বুলেটপ্রুফ সাঁজোয়া গাড়ি, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল। খাকি রঙের সাঁজোয়া এই গাড়িটি রাজগঞ্জ থানা থেকে যাত্রা শুরু করে ফাটাপুকুর, বেলাকোবা রোড হয়ে বটতলা মোড় পর্যন্ত টহল দেয়।

গোটা রুট জুড়েই রাস্তার দু’ধারে ভিড় জমায় স্থানীয় মানুষ। অনেকেই মোবাইলে ছবি তোলেন, কেউ আবার সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন এই বিরল দৃশ্যকে ঘিরে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ভোটের আগে এমন সাঁজোয়া গাড়ির উপস্থিতি আগে দেখা যায়নি।

তাঁদের দাবি, এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াচ্ছে। এদিনের রুট মার্চে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রশাসনের এই কড়া পদক্ষেপে ভোটকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার হয়েছে বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা।