বন্ধন ব্যাঙ্ক আজ তার এনআরআই গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় এফসিএনআর (বি) ফরেইন কারেন্সি নন-রেসিডেন্ট (ব্যাঙ্ক) আমানত প্রকল্প ঘোষণা করেছে। এটি মাঝারি থেকে দীর্ঘমেয়াদে মার্কিন ডলার-সংযুক্ত আমানতে বিনিয়োগের একটি দারুণ সুযোগ এনে দিচ্ছে। ব্যাঙ্ক ৩ থেকে ৫ বছর মেয়াদের জন্য ১ মিলিয়ন মার্কিন ডলার এবং তার বেশি মূল্যের এফসিএনআর (বি) আমানতের ওপর ৭.১% সুদের হার দিচ্ছে। অন্যদিকে, ১ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত আমানতের সুদের হার বাড়িয়ে ৭% করা হয়েছে। এই উদ্যোগের ফলে এনআরআই গ্রাহকরা দীর্ঘ মেয়াদে স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক রিটার্ন পাবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে, বিশেষ করে টাকার মূল্য কমানোর ক্ষেত্রে সম্ভাব্য এক্সচেঞ্জ রেট ওঠানামার ঝুঁকিও এর মাধ্যমে কমানো সম্ভব হবে।
এই অফার প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বব্বর বলেন, “আমাদের এনআরআই গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় এফসিএনআর (বি) আমানত প্রকল্পটি চালু করতে পেরে আমরা আনন্দিত। এমন একটি সময়ে এটি আনা হয়েছে যখন তাঁরা তাঁদের বিদেশি বিনিয়োগে স্থিতিশীলতা ও সঠিক মূল্য খুঁজছেন। এই অফারটি তাঁদের দীর্ঘ সময়ের জন্য প্রতিযোগিতামূলক রিটার্ন নিশ্চিত করার পাশাপাশি মুদ্রার বিনিময় হার সংক্রান্ত ঝুঁকি কার্যকরভাবে কমাতে সাহায্য করবে। বন্ধন ব্যাঙ্ক সবসময় আমাদের বিশ্বব্যাপী গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণের জন্য উপযুক্ত সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলির জন্য একটি ‘ইউএস ডলার-রুপি ফরেক্স সোয়াপ ফেসিলিটি’ চালু করার পরই এই অফারটি আনা হয়েছে। এই সুবিধাটি ন্যূনতম তিন বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদের নতুন এফসিএনআর (বি) আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ব্যাঙ্কিং ব্যবস্থায় বিদেশি মুদ্রার প্রবাহ বাড়াতে এই নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশজুড়ে প্রায় ২০০০টি শাখা সমৃদ্ধ বন্ধন ব্যাঙ্ক এনআরআই গ্রাহকদের জন্য এই সীমিত সময়ের অফারটি দিচ্ছে। গ্রাহকদের যেকোনো শাখায় এসে নন-রেসিডেন্ট অ্যাকাউন্ট খুলে বর্তমানের এই সুবিধাজনক আমানতের হারের সুবিধা নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
