শিলিগুড়িতে ABVP-র বৈঠক, শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত রাখার বার্তা

শিলিগুড়ির বাবুপাড়ার বিদ্যার্থী কল্যাণ ভবনে সাংবাদিক বৈঠক করল Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP)। বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় কার্যকরিণী সদস্য পূজা রাম এবং প্রদেশ সম্পাদক দীপ দত্ত। শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েই মূলত আলোচনা হয়। বৈঠকে এবিভিপি-র পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধরনের রাজনৈতিক প্রভাব বা রং বরদাস্ত করা হবে না।

তাদের বক্তব্য, ছাত্রদের স্বার্থই সর্বাগ্রে এবং সেই জায়গা থেকে শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা প্রয়োজন। সরকার পরিবর্তনের প্রেক্ষিতে সংগঠনের তরফে জানানো হয়, খুব শীঘ্রই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতেই এই উদ্যোগ বলে জানান নেতৃত্ব। এর পাশাপাশি, কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিও তোলা হয়।

এবিভিপি-র দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধিদের নির্বাচন করা হোক, যাতে ছাত্ররাই নিজেদের মতামত অনুযায়ী নেতৃত্ব বেছে নিতে পারেন। একই সঙ্গে, শিক্ষাঙ্গনে কোনও রকম অত্যাচার বা দাদাগিরি বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেয় সংগঠন। ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে তারা সর্বদা সরব থাকবে বলে জানানো হয়েছে।