মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত হালদারপাড়া এলাকায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম কিসান হালদার (২৮)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কিসান বাড়ি থেকে বের হন। এরপর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খবর পান, বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
