নির্ধারিত সময়ের আগেই পাবেন ‘যুবসাথী’ প্রকল্পের টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকেই বেকার যুবক – যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের টাকা এপ্রিল থেকে নয়, শনিবার ৭ মার্চ থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে জানান তিনি।

রাজ্য বাজেটে বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। প্রাথমিকভাবে টানা পাঁচ বছর এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরও কেউ বেকার থাকলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক – যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন না বলে জানানো হয়েছে।

এদিন একই মঞ্চ থেকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়ে ৮৭৯ টাকা থেকে ৯৩৯ টাকা করা হয়েছে, যা শনিবার থেকেই কার্যকর হয়েছে।

পাশাপাশি গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২১ দিনের ব্যবধান বাধ্যতামূলক করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। এই ইস্যুতেই রবিবার পথে নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মহিলাদের কালো শাড়ি পরে হাতা- খুন্তি হাতে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন।

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বেকারদের জন্য এই ঘোষণা রাজ্যের রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।