ইয়েজদি ও বিএসএ আকর্ষণীয় দুটি নতুন স্ক্র্যাম্বলার মোটরসাইকেল লঞ্চ করল

ক্লাসিক লেজেন্ডস তাদের দুই আইকনিক ব্র্যান্ড ইয়েজদি এবং বিএসএ-কে সঙ্গে নিয়ে ভারতের বাজারে দুটি নতুন স্ক্র্যাম্বলার মোটরসাইকেল লঞ্চ করেছে। শহরের রাস্তা, হাইওয়ে এবং অফ-রোড—সব জায়গাতেই সমান পারদর্শী ইয়েজদি স্ক্র্যাম্বলার ৩৫০ এবং বিএসএ স্ক্র্যাম্বলার ৬৫০। তরুণ প্রজন্মের রাইডারদের কথা মাথায় রেখে তৈরি ইয়েজদি স্ক্র্যাম্বলার ৩৫০ বাইকটি নিয়ে আসা হয়েছে। এটি ভারতের সবচেয়ে হালকা ৩৫০ সিসি স্ক্র্যাম্বলার। এতে রয়েছে লিকুইড-কুলড ‘কাতার’ ইঞ্জিন, যা দ্রুত গতি এবং দুর্দান্ত টর্ক প্রদান করে। এর ইন্ট্রোডাক্টরি এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১,৯৯,৯৫০ টাকা থেকে।

বিএসএ স্ক্র্যাম্বলার ৬৫০ হলো ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি। ঐতিহ্যবাহী এই বাইকটিতে রয়েছে ভারতের একমাত্র ৬৫০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটি গোল্ড স্টার কাতালিনা ও ফায়ারবার্ডের মতো আইকনিক মডেলের ডিজাইন থেকে অনুপ্রাণিত। এর প্রিমিয়াম ফিনিশ এবং আধুনিক প্রযুক্তি একে অন্যদের থেকে আলাদা করে তোলে। এর ইন্ট্রোডাক্টরি দাম শুরু হচ্ছে ৩,২৪,৯৫০ টাকা থেকে। ক্লাসিক লেজেন্ডস-এর কো-ফাউন্ডার অনুপম থারেজা বলেন, “আমার বিশ্বাস স্ক্র্যাম্বলার ভারতের রাইডিং কালচারকে বদলে দেবে। এগুলো মোটরসাইকেলের দুনিয়ায় অনেকটা এসইউভি-র মতো। এটি একই সঙ্গে টাফ ও স্টাইলিশ লুক দেয়।”

কো-ফাউন্ডার বোমান ইরানি বলেন, “ইয়েজদি মানেই হলো স্টাইল এবং বাঁধনহীন রাইডিং। ইয়েজদি ৩৫০ এবং বিএসএ ৬৫০-এর মাধ্যমে আমরা ভারতের স্ক্র্যাম্বলার সেগমেন্টে নতুন মানদণ্ড তৈরি করলাম।” ১৯৪০-এর দশকের বিএসএ এবং পরবর্তী যুগের ইয়েজদি-র ঐতিহ্যকে বহন করে এই নতুন মোটরসাইকেল দুটি ভারতের প্রিমিয়াম বাইকিং বাজারকে আরও শক্তিশালী করবে।