নারীর ক্ষমতায়ন, না নিরাপত্তার অভাব? শিলিগুড়ি টাউন রেল স্টেশন ঘিরে নতুন প্রশ্ন

যে শিলিগুড়ি টাউন স্টেশন থেকে একসময় অসুস্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল, এবং যে স্টেশন দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মরদেহ বহন করা হয়েছিল, সেই ঐতিহাসিক স্টেশনটি আজ নিরাপত্তার অভাবে ভুগছে। এই স্টেশনটি বর্তমানে কাটিহার ডিভিশনের একমাত্র মহিলা পরিচালিত স্টেশন।

কর্মীরা বলছেন, সারা দিনে মাত্র দু-তিনটি ট্রেন যাতায়াত করায় স্টেশনটি বেশিরভাগ সময় ফাঁকা থাকে। এই সুযোগে স্থানীয় দুষ্কৃতী ও নেশাগ্রস্তরা স্টেশন চত্বর দখল করে নিয়েছে। সেখানে নিয়মিত মাদক সেবন ও জুয়ার আসর বসে, যা কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে রাতের শিফটে কর্মরত মহিলা কর্মীরা নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন।

শুধু তা-ই নয়, স্টেশনের সামনে অবৈধভাবে পার্কিং ফি আদায় করা হয়। ফুটব্রিজের নিচে জুয়ার আসর বসে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতি বহনকারী একটি ভগ্নপ্রায় বিল্ডিং-ও অপরিষ্কার এবং শুয়োরের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে।

এই বিষয়ে রেল পুলিশ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন দেখা যায়নি।