রাজ্য জুড়ে এখন পশ্চিমী হাওয়ার প্রভাব স্পষ্ট। এর জেরেই ক্রমে বাড়ছে শীতের দাপট। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে এখন শীতের স্বাদ পুরোপুরি অনুভূত হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গিয়েছে। সকালে ও রাতে ঠান্ডা বেড়েছে, তবে রোদের তেজে দুপুরের দিকে তা কিছুটা কমে আসছে।
উপকূলবর্তী জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে বলে জানিয়েছেন তিনি। আপাতত পাঁচ দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত সকাল ও রাতে থাকবে শীতের ছোঁয়া।
উত্তরবঙ্গেও এখন সকালের দিকে কুয়াশার চাদর। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার — এই জেলাগুলিতে পার্বত্য অঞ্চলের কুয়াশা দৃশ্যমানতার উপর প্রভাব ফেলতে পারে। তবে দিনভর রৌদ্রোজ্জ্বল আকাশে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, কলকাতায় আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে থাকবে, আর পশ্চিমাঞ্চলে তা ১৫ ডিগ্রির নিচে নামবে। ফলে রাজ্য জুড়ে পশ্চিমী হাওয়া এখন শীতের প্রধান বার্তাবাহক।
বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা বজায় থাকলে রাজ্যবাসী আরও কিছুদিন উপভোগ করতে পারবে শীতের আমেজ, কারণ বৃষ্টির সম্ভাবনা আপাতত একেবারেই নেই।
