কলকাতায় জল জমে ভোগান্তি, উত্তরবঙ্গে জারি কমলা ও লাল সতর্কতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতা। ঘন কালো মেঘে ঢেকে যায় শহরের আকাশ এবং টানা বৃষ্টির ফলে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমার কারণে যান চলাচল ব্যাহত হয় এবং ইএম বাইপাস, মা ফ্লাইওভারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃষ্টির জেরে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক সেক্টর ফাইভ, দমদম ও বাগুইআটির বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা দ্রুত পাম্পের মাধ্যমে জল নিষ্কাশনের কাজ শুরু করেছে এবং একটি কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।

এদিকে কলকাতা বিমানবন্দরে বজ্রপাতে দুই গ্রাউন্ড স্টাফ আহত হন। বিমান থেকে মালপত্র নামানোর সময় এই ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ২০ জুন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।