দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের টোপ, নিখোঁজ দুই নাবালিকা উদ্ধার

সামাজিক মাধ্যমে বিদেশে মডেলিংয়ের সুযোগের প্রলোভনে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল মালদা জেলার দুই নাবালিকা। তবে এনজেপি থানার পুলিশের তৎপরতায় শিলিগুড়ি থেকে তাদের নিরাপদে উদ্ধার করা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই নাবালিকাই মালদা জেলার বাসিন্দা এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযোগ, সামাজিক মাধ্যমে কয়েকজনের সঙ্গে পরিচয়ের পর দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের শিলিগুড়িতে আসতে বলা হয়।

দুই নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হন। তদন্তে পুলিশ জানতে পারে, তারা বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তেনজিং নোরগে বাস টার্মিনালে কয়েকজনের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। এরপর এনজেপি থানার পুলিশ নৌকাঘাট এলাকায় বাসে উঠে নজরদারি চালায়। পরে জলপাইমোড় এলাকায় দুই নাবালিকাকে নিরাপদে বাস থেকে নামিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গেই তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা থানায় পৌঁছন। ঘটনার খবর পেয়ে বিজেপি নেত্রী তথা ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী থানায় যান।

তিনি দুই নাবালিকার সঙ্গে কথা বলেন এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, সময়মতো প্রশাসনের উদ্যোগে একটি সম্ভাব্য বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি বলেন, তদন্ত চলায় এই মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন নয়। পুলিশের দাবি, সামাজিক মাধ্যমে কারা ওই দুই নাবালিকার সঙ্গে যোগাযোগ করেছিল, বিদেশে মডেলিংয়ের প্রলোভনের নেপথ্যে কোনও সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।