শিলিগুড়িতে ট্রাকচালককে মা*রধর ও তো*লাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

শিলিগুড়িতে ফের পণ্যবাহী ট্রাক আটকে চালককে মারধর ও টাকা দাবি করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত তিনবাত্তি মোড়ে একটি ১৬ চাকার চালবোঝাই ট্রাকের পথ আটকে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় বিজেপির এক স্থানীয় নেতার ভাইয়ের নাম জড়ানোয় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। ইতিমধ্যে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের নম্বরপ্লেটযুক্ত ট্রাকটি অসমের গুয়াহাটির দিকে যাচ্ছিল। তিনবাত্তি মোড়ে একটি পেট্রোল পাম্পের সামনে অসমের নম্বরপ্লেটযুক্ত লাল রঙের একটি থার গাড়ি ট্রাকটির পথ আটকায় বলে অভিযোগ। ট্রাকচালক অমরেশ কুমারের দাবি, কয়েকজন যুবক গাড়ির নথিপত্র ও মালপত্র নিয়ে প্রশ্ন তুলে তাঁর সঙ্গে বচসায় জড়ায়। তিনি আরসি বুক দেখাতে গেলে সেটি ভেঙে দেওয়া হয় এবং ট্রাকের চাবি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। প্রাণভয়ে তিনি পাশের পেট্রোল পাম্পে আশ্রয় নেন। পরে তাঁকে ট্রাকের সামনে নিয়ে গিয়ে টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ চালকের।

চালকের আরও অভিযোগ, পুলিশ ডেকে গাড়ির কাগজপত্র ও মালপত্র পরীক্ষা করার আবেদন জানালেও অভিযুক্তরা তাতে কর্ণপাত করেনি। বরং জোর করে ট্রাকের ত্রিপলের দড়ি খুলে মালপত্র তল্লাশির চেষ্টা করা হয়। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে এক যুবককে ট্রাকের ত্রিপল খুলতে এবং চালকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াতে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, ওই যুবক সঞ্জয় বিশ্বাস। তিনি শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর সুজয় বিশ্বাসের ভাই। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ঘটনায় তাঁর ভূমিকা এখনও তদন্তসাপেক্ষ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। লাল রঙের AS 23 AG 3155 নম্বরের থার গাড়ি এবং BR 01 GA 0720 নম্বরের ট্রাকটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।