দুর্নীতির তদন্ত সহ যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে রাজ্য বামফ্রন্ট

বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে অভিযোগ করেন রাজ্যের আইন-শৃঙ্খলা মারাত্মকভাবে অবনতি ঘটেছে। দুর্নীতি রন্ধে রন্ধে ছেয়ে গেছে। আর্থিক সংকট এতটাই প্রকট হয়েছে এবারের শারদ উৎসবে মানুষের মধ্যে আনন্দ  উচ্ছ্বাস বিন্দুমাত্র ছিল না। বিশেষ করে গ্রামাঞ্চলে। পূজার আগে রেগা ও টুয়েপের কাজের মজুরি না পাওয়ায় সাধারণ মানুষের হাতে টাকা ছিল না তাই উৎসবের আনন্দ উপভোগ করতে পারেনি। তিনি আরো অভিযোগ করেন গত বছর থেকে এ বছর চাঁদার জুলুম এতটাই ছিল যে মানুষ বাধ্য হয়ে পথ অবরোধ পর্যন্ত করতে হয়েছে।

দুর্ঘটনা, সাধারণ মানুষের ওপর লাঞ্ছনা,  বিশেষ করে মহিলা শিশু উপর নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আগরতলা পৌরনিগমে অর্থলোপাট থেকে শুরু করে এডিসি এলাকায় এখন পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি। প্রতিবাদ করলে বিরোধীদের অফিস ভাঙচুর করা হচ্ছে। আক্রমণ শাণিত হচ্ছে। রাজ্যের জাতি জনজাতির ঐক্য কে দুর্বল করার জন্য সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা চলছে। রাজ্য বামফ্রন্ট এই সমস্ত ঘটনার তদন্ত সহ যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে শ্রী দে অভিযোগ করে বলেন গতকাল জিরানিয়ায় বিয়ে অনুষ্ঠানে যেতে বাধার মুখে পড়েন তিনি।

অথচ এখনো পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। তিনি এই ঘটনার নিন্দা জানান এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি নরেশ জমাতিয়া সহ বামফ্রন্ট শরিক দল আরএসপির সম্পাদক দীপক দেব, সিপিআই সম্পাদক মিলন বৈদ্য, ফরোয়ার্ড ব্লক নেতা পরেশ সরকার।