এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে শিলিগুড়ির ব্যস্ত তিনবাত্তি মোড় অবরোধ করে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার দলীয় কর্মী ও সমর্থকদের বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভস্থলে উপস্থিত ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সভাপতি দিলীপ রায় নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে বারবার অফিসে ডাকা হচ্ছে ও অপ্রয়োজনীয় নথি চাওয়া হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী।
দিলীপ রায় আরও বলেন, “আজ অল্প সংখ্যক মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। কিন্তু এই হয়রানি বন্ধ না হলে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটারদের অধিকার রক্ষা করতেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।
