কেন্দ্রের ‘হর ঘর জল’ প্রকল্পের বাস্তব অগ্রগতি যাচাই করতে আগামী দুই মাস ধরে দার্জিলিং জেলার পাহাড় ও সমতল এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা চালাবে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তর। প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারের পানীয় জলের সংযোগ বাস্তবে কতটা সম্পূর্ণ হয়েছে এবং নথিতে সম্পন্ন দেখানো কাজ প্রকৃতপক্ষে হয়েছে কি না, তা খতিয়ে দেখাই এই সমীক্ষার মূল উদ্দেশ্য।
বুধবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, দপ্তরের তথ্য অনুযায়ী দার্জিলিং পাহাড়ে প্রায় ৫০ শতাংশ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করা হলেও, বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। সেই কারণেই প্রতিটি গ্রামীণ পরিবারের কাছে গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করা হবে। তদন্তে যদি দেখা যায়, কোনও ঠিকাদার কাজ সম্পূর্ণ না করেও সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন, তবে তাঁর বকেয়া অর্থ আটকে দেওয়া হবে।
এদিন জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির (দিশা) বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, জেলা প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজু বিস্তা জানান, ‘দিশা’ কমিটির মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে উন্নয়নের ঘাটতি দূর হয়, গ্রামীণ পরিকাঠামো আরও শক্তিশালী হয় এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রতিটি যোগ্য মানুষের কাছে পৌঁছে যায়।
