গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে সুস্থ থাকতে রোজ কী খাবেন, তা নিয়ে চিন্তা থাকেই। একটু মশলাদার খাবার খাওয়া মানেই দিনভর অস্বস্তি। আবার তরি-তরকারিও সবসময় ভালো লাগে না। তাই স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন মুরগির মাংসের ঝুরো। রইল রেসিপি।
কী কী লাগবে
মুরগির মাংস (বড় টুকরো) ৫০০ গ্রাম
পেঁয়াজ ২টি
মাঝারি টম্যাটো ১টি
আদা ১ টেবিল চামচ
রসুন ১ টেবিল চামচ
হলুদ ১ চা চামচ
ধনেগুঁড়ো ১ চা চামচ
জিরেগুঁড়ো ১ চা চামচ
গরম মশলা ১ টেবিল চামচ
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ২ টেবিল চামচ
চেরা কাঁচালঙ্কা ৪-৫টি
স্বাদমতো নুন
সর্ষের তেল
কীভাবে বানাবেন
রান্নার জন্য মুরগির পায়ের মাংস নিন। চাইলে হাড়ছাড়া মাংসও নিতে পারেন, তবে সেগুলো একটু বেশি ছিবড়ে হয়। প্রথমে নুন দেওয়া জলে মাংস সেদ্ধ করে নিন। তারপর ভালো করে ছাড়িয়ে তা ঝুরঝুরে করে রাখুন।
এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে পাতলা কাটা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিন। পেঁয়াজ নরম হলে আদা-রসুন বাটা ও স্বাদমতো নুন দিন। ভালোভাবে নেড়ে মশলা কষিয়ে নিন। এবার টুকরো করে কাটা টম্যাটো যোগ করুন। সঙ্গে দিন হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনে ও জিরেগুঁড়ো। আঁচ কমিয়ে মশলা ভালোভাবে কষতে থাকুন। অল্প গরম জল ঢেলে, চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন।
এবার সেদ্ধ করে ছাড়ানো মাংস কড়াইয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কম আঁচে কিছুক্ষণ রান্না করুন। শেষে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। খেয়াল রাখবেন, মাংসের ঝুরো কিন্তু একদম ঝুরঝুরে হতে হবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু পদ।
