জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বাংলায় এবার বাড়তে চলেছে বিদেশী পর্যটকদের সংখ্যা। এই উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এবার দেশ-বিদেশের একাধিক সংস্থার সাথে আলোচনায় বসছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
একইসাথে জোর দেওয়া হচ্ছে পর্যটন খাতে নতুন বিনিয়োগ আনার দিকেও। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ অস্ট্রেলিয়াভিত্তিক একটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। পর্যটনমন্ত্রীর কথায়, ‘অস্ট্রেলিয়া-ভিত্তিক একটি কোম্পানি আমাদের সঙ্গে দেখা করেছে এবং তারা হসপিটালিটি তথা আতিথেয়াতার খাতে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। তারা মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হোটেল গড়তে আগ্রহ দেখিয়েছেন।’
আগামী দিনে বাংলায় যদি এই ধরনের বিনিয়োগ সত্যিই হয়ে থাকে তাহলে তা নিঃসন্দেহে রাজ্যের পর্যটন পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াবে। তাঁর কথায়, ‘মাত্র এক বছরের মধ্যে পুরুলিয়াতেই বিদেশি পর্যটকের সংখ্যা ১০ লাখ বাড়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে রাজ্যের। আমরা দেশি ও বিদেশি দর্শনার্থীদের জন্য উচ্চমানের অভিজ্ঞতা তৈরির পাশাপাশি, পর্যটনকে সবার জন্য সহজলভ্য রাখার চেষ্টা করছি।’
