কসবার একটি আইন কলেজে তরুণী গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে বিজেপি’র মিছিলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কলকাতা হাইকোর্ট। তবে, মিছিলের সময় ও স্থান পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নির্দেশ অনুযায়ী, মিছিলটি বেলা ১টা থেকে ৫টার মধ্যে শেষ করতে হবে।
গত বুধবার কসবার একটি আইন কলেজে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন রুমের ভেতরে ডেকে নিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন বহিরাগত এবং অন্য দু’জন একই কলেজের ছাত্র। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদে পথে নেমেছে।
এই ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কালীঘাট থেকে কসবা পুলিশ থানা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করতে চেয়েছিল, কিন্তু পুলিশ এর অনুমতি দেয়নি। এরপর বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়। মঙ্গলবার শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, “অভিযুক্ত গ্রেফতার হয়েছে, তাহলে কেন থানা পর্যন্ত মিছিল?” বিচারপতি আরও উল্লেখ করেন যে প্রস্তাবিত স্থানটি খুব ঘিঞ্জি এবং গত দু’দিন কলকাতায় এ ধরনের জমায়েতের কারণে সমস্যা হয়েছিল। তাই তিনি একটি নতুন জায়গা ঠিক করার নির্দেশ দেন।
হাইকোর্টের অনুমতি পাওয়ার পর, বিজেপি যুব মোর্চা বুধবার রাসবিহারী থেকে কসবা ল কলেজ পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে। রাসবিহারীতে দুপুর ১টায় জমায়েত শুরু হবে এবং মিছিল ৩টায় শুরু হয়ে কসবা ল কলেজের সামনে একটি সভার মাধ্যমে শেষ হবে।
