কৃষিই যাদের জীবন ও জীবিকা, সেই কৃষকদের ঘিরেই আবার উৎসবের আমেজ তপনে। পয়লা জানুয়ারি থেকে তপনের বাঘইট মাঠে শুরু হয়েছে কৃষি ও সাংস্কৃতিক মেলা, যা শুক্রবার সন্ধ্যা নামতেই রীতিমতো উৎসবমুখর হয়ে ওঠে।
মেলার মূল আকর্ষণ স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল। নানা ধরনের ধান, শাকসবজি ও কৃষিজ পণ্য প্রদর্শনীর মাধ্যমে কৃষকের পরিশ্রম ও সাফল্য তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি গ্রামবাংলার মানুষের বিনোদনের কথা মাথায় রেখে মেলায় রয়েছে নাগরদোলা, সার্কাস, ব্রেকড্যান্স সহ বিভিন্ন আয়োজন।
শুধু কৃষি নয়, কেনাকাটার দিক থেকেও মেলা জমে উঠেছে। খাট ও আসবাবপত্রের দোকান, স্টেশনারি সামগ্রী ও জিলিপি, পাঁপড় ভাজা, মোগলাই সহ নানা রকম খাবারের স্টলে ভিড় চোখে পড়ার মতো। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার – পরিজন নিয়ে মেলায় ভিড় করছেন মানুষজন।
মেলার অন্যতম কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কৃষকদের উৎপাদিত ফসলকে অগ্রাধিকার দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য। পাশাপাশি মেলার কয়েকটি সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃষকদের নিয়ে আলোচনা সভা।
গ্রামীণ অর্থনীতি, কৃষি ও সংস্কৃতির মেলবন্ধনে তপন কৃষি ও সাংস্কৃতিক মেলা শুধু বিনোদনের জায়গা নয় বরং কৃষকদের আত্মপ্রকাশের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে বলেই মনে করছেন স্থানীয়রা।
