দিল্লি রওনা হওয়ার আগে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বর্তমানে শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন খগেন মুর্মু।
এদিন তার শারীরিক অবস্থা খোঁজখবর নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। খগেন মুর্মুর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন সুকান্তবাবু।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, খগেন মুর্মুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ও দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি দল ও কেন্দ্র সরকারের পক্ষ থেকেও সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
